×

চট্টগ্রাম

বালু-মাটি দস্যুদের দখলে ঐতিহ্যবাহী গোমতী নদী

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি থেকে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

বালু-মাটি দস্যুদের দখলে ঐতিহ্যবাহী গোমতী নদী

ছবি: কাগজ প্রতিবেদক

এককালের প্রমত্তা গোমতী নদী পরিণত হয়েছে প্রভাবশালী বালু-মাটি দস্যুদের ব্যক্তিগত খনিতে। উপজেলার অন্তত ১৩টি স্পটে অর্ধশতাধিক ভেকু ব্যবহার করে দিন-রাত নির্বিচারে বালু ও মাটি উত্তোলন চলছে। এতে নদী যেমন দ্রুত নাব্যতা হারিয়ে প্রাণহীন হয়ে পড়ছে, তেমনি মাটি ও বালুবাহী ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচলে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের ভাঙন ও বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, সেই দলের স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সিন্ডিকেট গড়ে তুলে গোমতীর বালু ও মাটি লুট করা হচ্ছে। এই নদীকে পুঁজি করে এক সময়ের শূন্য থেকে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছেন অনেকে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি ও গাড়ির বহর। অথচ সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে।

বালু-মাটি দস্যুদের লুটপাট

মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দৈলারচর ও বোড়ারচর মসজিদের পাশে গোমতী নদীর তীরে ডা. আলী ভূঞার বিক্রি করা ১০ শতাংশ জমিতে স্থাপিত হয়েছে মজিব ভূঁইয়ার অবৈধ ইটভাটা। অভিযোগ রয়েছে, এর পাশেই অবস্থিত পানি উন্নয়ন বোর্ড–এর গোমতী নদীর প্রায় ১৫০ শতাংশ সরকারি জমির মাটি কেটে সরাসরি ওই ইটভাটায় নেওয়া হচ্ছে।

এ ছাড়া জাহাপুর ইউনিয়নের হানিফার চর, শুশুন্ডা চরসহ নদীর অন্তত ১৩টি স্পট দিয়ে শতাধিক ট্রাক ও ট্রাক্টরের অবাধ চলাচলে প্রতিরক্ষা বাঁধ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব মাটি বিক্রি হচ্ছে সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের অবৈধ ইটভাটায়।

নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন পেশার অর্ধশতাধিক ব্যক্তি জানান, আপনাদের সঙ্গে কথা বললে আমাদের পরিবার-পরিজন বিপদে পড়বে।

তাঁদের অভিযোগ, পাউবোর কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশেই রাজনৈতিক প্রভাবশালী চক্র নির্বিঘ্নে নদী কেটে চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাউবো কুমিল্লার একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানায় একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো হুমকির মুখে পড়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছেন। সংঘবদ্ধ চক্র নম্বরবিহীন ট্রাক্টর ব্যবহার করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণও কঠিন হয়ে পড়ছে।

সুজন কুমিল্লা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খাঁন বলেন, বালু উত্তোলনকারী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে সরাসরি ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তা না হলে গোমতী নদী রক্ষা করা যাবে না।

পাউবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার বলেন, গোমতী নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ড দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আমি লোক পাঠিয়ে সরেজমিন খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, মাটি কেটে দেশের স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। গোমতী নদীর চর থেকে অবৈধভাবে এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না। গোমতীর মাটি রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলো।

পরিবেশবিদ ও স্থানীয়দের আশঙ্কা, এখনই যদি গোমতী নদী রক্ষায় কঠোর ও সমন্বিত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে এই নদী হারাবে তার অস্তিত্ব আর তার দায় বইতে হবে পুরো অঞ্চলকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App