×

চট্টগ্রাম

নোয়াখালীতে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য, প্রশ্নের মুখে প্রশাসন

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

নোয়াখালীতে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য, প্রশ্নের মুখে প্রশাসন

ছবি : ভোরের কাগজ

নোয়াখালী জেলায় একের পর এক গড়ে উঠছে অবৈধ ইটভাটা। এসব ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। এর ফলে ফসলি জমি ও বসতিকে ঘিরে তৈরি হওয়া ভাটাগুলোর বিষাক্ত ধোঁয়ায় বাড়ছে নানা রোগ-ব্যাধি। পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সরেজমিনে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের ‘মেসার্স তাহেরা ব্রিক ফিল্ড’ এ গিয়ে দেখা যায়, করাতকল দিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ কেটে সেই কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে। পাশাপাশি ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের দিয়েও ইট তৈরি ও কাঁচামাল বহনের কাজ করানো হচ্ছে। ভাটার বিষাক্ত ধোঁয়ায় আশপাশের নারী ও শিশুরা নিয়মিত অসুস্থ হয়ে পড়ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরেই ভাটাটি অবৈধভাবে চালু রয়েছে। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনকে বারবার জানানো হলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিজনের শুরুতে নামমাত্র অভিযান চালিয়ে সামান্য জরিমানা আদায়েই সীমাবদ্ধ থাকে প্রশাসনের কার্যক্রম। এরপর পুরো মৌসুমজুড়ে নির্বিঘ্নে চলে অবৈধ কার্যক্রম। তাদের দাবি, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব ভাটা পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন : মীরসরাইয়ে ট্রাকের স্টিলের বান্ডেল ছিটকে পথচারী নিহত, আহত ৩

শুধু তাহেরা ব্রিক ফিল্ড নয়, পুরো উপজেলাজুড়েই আলিফ, এ.কে.বি, আল্লাহর দান, একতা, যমুনা, মুক্তা, মহিন, রোহান, পপুলারসহ অন্তত ১৫টি ইটভাটা অবৈধভাবে চালু রয়েছে। একই চিত্র দেখা যাচ্ছে জেলার হাতিয়া উপজেলাতেও, যেখানে প্রায় সব ইটভাটাই অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর তথ্যমতে, জেলায় মোট ১১৫টি ইটভাটার মধ্যে ৫৯টি বৈধ এবং ৫৬টি অবৈধ। তবে সরেজমিনে দেখা গেছে, জেলার নয়টি উপজেলায় বৈধ-অবৈধ মিলিয়ে ইটভাটার সংখ্যা দেড় শতাধিক।

স্থানীয়দের মতে, ফসলি জমি ও বসতিকে ঘিরে গড়ে ওঠা এসব ভাটায় কাঠ পোড়ানোর কারণে বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতি হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে এবং বাড়ছে নানা রোগব্যাধি। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের সঙ্গে যোগসাজশ করেই এসব অবৈধ ভাটা পরিচালিত হচ্ছে। মৌসুমের শুরুতে কিছু ভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানা করা হলেও পরে আর কোনো তদারকি থাকে না।

কিছু ক্ষেত্রে মামলা হলেও আদালতের দোহাই দিয়ে বছরের পর বছর চালু থাকে এসব ভাটা। এতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক এবং পরিবেশ ধ্বংস হচ্ছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকলেও বাস্তবে পরিবেশ অধিদপ্তরের তৎপরতা অনেকটাই সীমিত। পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি জানান, সিজনের শুরুতে ছয়টি অভিযান চালানো হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধানে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। খুব শিগগিরই আবারও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

তবে সিজন শেষে অভিযান চালালে তা কতটা কার্যকর হবে—এমন প্রশ্নে তিনি স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। পরিবেশের জন্য বড় হুমকি হয়ে ওঠা এসব অবৈধ ইটভাটা বন্ধে শুধু পরিকল্পনা বা অভিযান নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App