×

চট্টগ্রাম

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

Icon

মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:০২ পিএম

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় অবস্থিত ডাকাতিয়া নদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় দুই কোটি টাকার জমি বেহাত হয়ে গেছে। স্থানীয় আলী আজম চৌধুরীসহ ৬ জন প্রভাবশালী ব্যক্তি নিজেদের নামে এ জমি রেকর্ড ও আরএস খতিয়ান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্তরা নিজেদের নামে এ সম্পত্তি প্রথমে লিজ নিয়ে পরে ভূমি জরিপ অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজপত্র সৃজন করে বিক্রি করেন। বর্তমানে সেখানে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করার ঘটনায় পাউবো কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, রায়পুর পৌরসভার ডাকাতিয়া নদীর সংলগ্ন খালপাড়ে মহিলা কলেজ সংলগ্ন মধুপুর মৌজায় গত ৩০ বছর আগে পানি উন্নয়ন বোর্ডের ৪৫ শতাংশ জমি লিজ নেন (এলএ নথি নম্বর ৩০/১৯৬৫-৬৬ মূলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক রোয়েদাদের ক্রমিক নং ১-এর ২৬৬ দাগের অন্দরে অধিগ্রহণকৃত) মধুপুর গ্রামের প্রভাবশালী আলী আজম চৌধুরী ও আশ্বাদ মিয়া। তারা দুইজন আবার এই পাউবোর জমি একই এলাকার ব্যবসায়ী হাফিজ উল্যাহ, মোহাম্মদ উল্যাহ ও আমিন উল্যাহর কাছে বিক্রি করেন। পরবর্তীতে এই তিনজন ওই জমি আরও কয়েকজনের কাছে বিক্রি করেন। সেখানে বর্তমানে কয়েকজন প্রবাসী ও ব্যবসায়ী বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেছেন।

ছবি: সংগৃহীত

পাউবোর ওই জায়গার ক্রেতা রায়পুর শহরের হানিমুন টেইলার্সের মালিক বাচ্চু মিয়াসহ কয়েকজন ব্যক্তি সেটেলমেন্ট ও ভূমি বিভাগের কিছু অসাধু লোকের সহায়তায় সরকারি এ সম্পত্তি নিজেদের নামে খতিয়ান করে নেন, যা সম্পূর্ণ অবৈধ ও দুর্নীতির শামিল। উল্লিখিত প্রভাবশালী ব্যক্তিরা শুধু তাদের ক্রয়কৃত লিজ দোকান নয়, পাউবোর জমি নিজেদের নামে রেকর্ড করে আরএস খতিয়ানও তৈরি করেছেন।

সরকারি দপ্তরে এ বিষয়ে গত তিন মাস আগে লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার পাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে গণমাধ্যমকর্মীদের শরণাপন্ন হয়েছেন তারা। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পাউবো কর্তৃপক্ষ।

এ বিষয়ে হানিমুন টেইলার্সের স্বত্বাধিকারী বাচ্চু মিয়া বলেন, "পাউবোর ওই জায়গাটি তিনিসহ কয়েকজন ব্যক্তি স্থানীয় আলী আজম ও আরশাদ মিয়ার কাছ থেকে কিনেছেন। এখন সেখানে তারা বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেছেন। এটা মূলত তাদের কেনা সম্পত্তি। আদালত করে বা পত্রিকায় সংবাদ দিলেও কোনো লাভ হবে না।"

রায়পুরের সেটেলমেন্ট অফিসের পেশকার হুমায়ুন কবির গাজী মোবাইল ফোনে জানান, "রায়পুরে কাজ না থাকায় নোয়াখালী অফিসে কাজ করছি। রায়পুর পৌরসভার মধুপুর মৌজায় মহিলা কলেজের সামনে পাউবোর ৪৫ শতাংশ জমি ৬ ব্যক্তির নামে কীভাবে রেকর্ড হলো বলতে পারছি না। ১৯৮৮ থেকে রেকর্ড শুরু হয়ে ৯৬-৯৭ সাল পর্যন্ত জরিপ চলমান ছিল। এসব বলতে পারবেন রায়পুরের সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার।"

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, "রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মধুপুর মৌজায় পানি উন্নয়ন বোর্ডই ৪৫ শতাংশ জমির প্রকৃত মালিক। বেহাত হওয়া এ জমির বিষয়ে ভূমি ও সেটেলমেন্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলেও তারা জবাব দিচ্ছে না। জবরদখলকারী ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

গ্রামের বাড়িতে দাফন হলো ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

রক্ত ভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, আটক ১

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App