অভিযানেও সরছে না মহাসড়কের অবৈধ পশুরহাট
মুহাম্মদ দৌলত, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: ভোরের কাগজ
ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ওপর গড়ে ওঠা ছামার দিঘীর অবৈধ পশুরহাট সরানো যাচ্ছে না। দফায় দফায় অভিযান চালিয়েও হাটটি বন্ধ করতে পারছে না উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের পেলাগাজি দিঘী মোড়ের উত্তর পাশ থেকে তাজুরঘাটা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে শত শত গরু বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি কাঞ্চননগর ও বৃন্দাবনহাট সড়কেও যান চলাচল বন্ধ করে চলছে পশু কেনাবেচা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাটটি ইজারাভুক্ত নয় এবং এর নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষও নেই। ফলে প্রশাসনের অভিযানেও কার্যকর ফল মিলছে না।
স্থানীয় গরু ব্যবসায়ী আদুর রশিদ বলেন, “এখানে হাসিল দিতে হয় না। তাই দূরদূরান্ত থেকে বেপারীরা গরু নিয়ে আসে।” চট্টগ্রাম শহর থেকে গরু কিনতে আসা নিয়াজ মাহমুদ বলেন, “হাসিল না থাকায় এখানে গরুর দাম তুলনামূলক কম।”
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “মহাসড়ক থেকে অবৈধ পশুরহাট সরাতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু প্রশাসন চলে যাওয়ার পর আবার কেনাবেচা শুরু হয়। বাজারটির কোনো কর্তৃপক্ষ না থাকায় অভিযান ফলপ্রসূ হচ্ছে না।”
