পাচারকালে হনুমান ও ১২ কচ্ছপ উদ্ধার, একজন আটক
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় পাচারের সময় বিলুপ্তপ্রায় একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপসহ মো. হাদিস রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ।
সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের চুনতি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাদিস রহমান ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা সুলতান মিয়ার ছেলে।
বনবিভাগ সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বনাঞ্চল থেকে বন্যপ্রাণী সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে ভাঙ্গারমুখ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে হাদিস রহমানকে আটক করা হয়।
চুনতি বন্যপ্রাণী ও অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, বাংলাদেশে বন্যপ্রাণী শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পাচার দণ্ডনীয় অপরাধ। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে বন্যপ্রাণী সংগ্রহ করে ঢাকা হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। এ ধরনের অপরাধ দমনে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।
