আখাউড়ায় হকারদের ছাতা দিলেন মেয়র প্রার্থী সালাউদ্দিন
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:২১ পিএম
ছবি: ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কের ধারের হকারদের ছাতা বিতরণ করেছেন সৌদি প্রবাসী হাজি মো. সালাউদ্দিন ভুইয়া। সোমবার বেলা ১২টার দিকে পৌর এলাকার সড়ক বাজারে ৫০ জন হকারের মাঝে এসব ছাতা বিতরণ করেন। পর্যায়ক্রমে ৩৫০ জন হকারের মাঝে ছাতা বিতরণ করা হবে বলে জানা গেছে।
প্রবাসী ও সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মো. সালাউদ্দিন জানান, জনসেবার অংশ হিসেবে এ কাজটি তিনি করেছেন। তিনি নিতে নয়, দিতে এসেছেন।
হাজি সালাউদ্দিন বলেন, “আমার জনসেবায় গরিব ও মেহনতি মানুষদের অগ্রাধিকার দিচ্ছি। যতটুকু সম্ভব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে এসেছি। শিক্ষা, স্বাস্থ্য নিয়েও কাজ করছি। সড়কের পাশের হকারদের জন্য আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। আমি যদি মেয়র হতে পারি, ওনাদের বসার স্থায়ী ব্যবস্থা করে দেব।”
ছাতা পেয়ে হকাররাও বেশ খুশি হন। তারা বলেন, “আমাদের অনেকের ছাতা ছিল না। আবার অনেকের ছাতা পুরোনো হওয়ায় ব্যবহার অনুপযোগী। নতুন ছাতা পেয়ে আমাদের দুর্ভোগ লাঘব হবে।”
