ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট কমাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের সড়কবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ফুটপাতে রাখা এবং বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হকারদের মালামাল জব্দ করে পৌরসভার ট্রাকে তুলে নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন এবং আখাউড়া থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে পৌরশহরের সড়কবাজারসহ ব্যস্ততম সড়কগুলোতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, “ফুটপাত দখলমুক্ত রাখা এবং পৌরশহরের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসনের বিষয়ে পৌর প্রশাসন কাজ করছে।”
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার দাবি করেন, এক প্রবাসী ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে তাঁদের মধ্যে ছাতা বিতরণের পর থেকেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তবে এ দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
