নানা কর্মসূচির মধ্য দিয়ে গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার
মুরাদনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: ভোরের কাগজ
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং টেকসই পল্লী গঠনের প্রত্যয়ে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আল্লাহু চত্বরসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠক, বিআরডিবির সুফলভোগী সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস গ্রামীণ উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সুফলভোগীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ২২ জন উপকারভোগীর হাতে মোট ১১ লাখ ৫৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি এবং শ্রেষ্ঠ ৮টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এসব উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং টেকসই পল্লী অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ যোগ দিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। এ সময় সহঃ পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ এবং উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, বিআরডিবির ক্ষুদ্র ঋণ, সমবায়ভিত্তিক কার্যক্রম, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এসব উদ্যোগ অসংখ্য পরিবারকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং পল্লী উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তারা জাতীয় পল্লী উন্নয়ন দিবসের চেতনাকে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ উন্নয়নকে আরও বেগবান করতে এবং সরকারের উন্নয়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
