বাঘাইছড়িতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: ভোরের কাগজ
কয়েকদিনের টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। রাঙ্গামাটিসহ উপজেলাগুলোর কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে মঙ্গলবার সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাস চাকমা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে পাহাড় ধসে তিনি মারা যান।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে টানা বর্ষণ শুরু হলেই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচারণা চালানো হচ্ছে এবং তারা যাতে ভারী বর্ষণ শুরু হলে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করে তার জন্য আহ্বান জানিয়ে আসছে।
রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের মাটি ধস শুরু হয়েছে। বিভিন্ন সড়কের রাস্তায় মাটি ধসে গেছে। লোকনাথ মন্দির এলাকায় একটি বাড়িতে পাহাড়ের মাটি ঢুকে গেলেও লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির এলাকা, ভেদভেদী যুব উন্নয়নসহ বিভিন্ন এলাকার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টি, জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড়ধসপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
