×

চট্টগ্রাম

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট সচল, উৎপাদন ১৪৪ মেগাওয়াট

Icon

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট সচল, উৎপাদন ১৪৪ মেগাওয়াট

ছবি: সংগৃহীত

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদে পানির প্রবাহ বাড়ায় প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ খরা ও পানির সংকটের অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রের ৫টি ইউনিটই একযোগে সচল করা হয়েছে। বর্তমানে এই কেন্দ্র থেকে রেকর্ড ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের চলমান লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতি কমাতে বড় ধরনের স্বস্তি দিচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানির লেভেল সন্তোষজনক হারে বাড়ছে। পানির ওপর সম্পূর্ণ নির্ভরশীল এই কেন্দ্রের উৎপাদন সচল রাখতে আমরা আজ সন্ধ্যা ৬টা থেকে ৫টি ইউনিটই একসাথে চালু করতে সক্ষম হয়েছি।’

এদিকে, কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৭৯.৮৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যদিও রুল কার্ভ (পানির পরিমাপক নির্দেশিকা) অনুযায়ী বছরের এই সময়ে লেকে পানি থাকার কথা ৮৪.৯৬ ফুট এমএসএল। অর্থাৎ, রুল কার্ভের চেয়ে এখনও কিছুটা কম পানি থাকলেও বর্তমান প্রবাহ উৎপাদন সচল রাখার জন্য পর্যাপ্ত।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে সচল ৫টি ইউনিট থেকে সর্বমোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর মধ্যে, ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটি থেকে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এছাড়া, বাকি থাকা ৪ ও ৫ নম্বর ইউনিটের প্রতিটি থেকে ২৫ মেগাওয়াট করে আরও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের এই ৫টি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বা ইনস্টলড ক্যাপাসিটি হলো ২৪২ মেগাওয়াট (পিক আওয়ারে যা ২৪০ মেগাওয়াট পর্যন্ত ধরা হয়)। পানির স্তর আরও বাড়লে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

প্রকৌশলীরা আরো জানান, তীব্র খরা ও লেকের পানি আশঙ্কাজনকহারে কমে যাওয়ার কারণে বিগত কয়েক মাস ধরে এখানে চরম বিদ্যুৎ বিপর্যয় চলছিল। বাধ্য হয়ে কখনো ১টি বা সর্বোচ্চ ২টি ইউনিট চালু রেখে নামমাত্র বিদ্যুৎ উৎপাদন সচল রাখা হয়েছিল। তবে বৃষ্টির সুবাদে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটে। গত সোমবার (৬ জুলাই) ৩টি ইউনিট, আজ মঙ্গলবার সকালে ৪টি ইউনিট এবং সর্বশেষ আজ সন্ধ্যায় ৫টি ইউনিটই ধাপে ধাপে চালু করা হয়।

প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা হচ্ছে ১০৮ ফুট এমএসএল। পাহাড়ি ঢলের এই ধারা অব্যাহত থাকলে লেকের পানির স্তর স্বাভাবিক রূপ নেবে এবং বিদ্যুৎ উৎপাদন আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

ভোলার ৬ রুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত

ভোলার ৬ রুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন  আক্রান্ত ৯০২

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App