ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, পাহাড়ধসে নিহত বেড়ে ১৯
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি : সংগৃহীত
টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধস ও বাড়ির দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত স্থানীয় পাঁচজন এবং ১৪ জন রোহিঙ্গাসহ মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি বিবেচনায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, “গত কয়েক দিন ধরে কক্সবাজারে মুষলধারে ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটছে। কক্সবাজার শহরের কলাতলীর হাজীপাড়াসহ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুপুরের পর থেকে বিশেষ উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।”
তিনি বলেন, “ঝুঁকিতে থাকা বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হলেও অনেকে যেতে চাচ্ছেন না। তাদের বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।”
নাফিস ইনতেসার নাফি আরো জানান, জেলার অন্যান্য উপজেলাতেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মাঠে কাজ করছেন। তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্য ও স্বেচ্ছাসেবকরাও রয়েছেন।”
তিনি আরো বলেন, “স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য আমরা প্রস্তুত রয়েছি।”
