ফেনীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১
সৈয়দ মনির আহমদ, ফেনী
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিব সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ইউসুফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের।
জানা যায়, মোহনা টেলিভিশনের প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিব বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরসংলগ্ন বালুর মাঠে নদীভাঙন-সংক্রান্ত সংবাদ সংগ্রহে যান।
এজাহারে তিনি উল্লেখ করেন, পূর্বপরিচিত ইমরান সিকদারের অনুরোধে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে নদীর তীরে ফেলে দেয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে ইট-পাটকেল ও কাঠের টুকরো দিয়ে আঘাত করলে তার মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে গুরুতর জখম হয়।
তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
বর্তমানে আহত সাংবাদিক সজিব ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তার বড় বোন রহিমা আক্তার মজুমদারের মাধ্যমে থানায় এজাহার দাখিল করা হয়। মামলায় ইমরান সিকদার ও ওসমান গণির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার অংশ বলে দাবি করা হয়েছে।
ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম বলেন, পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের জানান, মামলা রুজুর পর শুক্রবার অভিযুক্ত ইউসুফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।"
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল ১০টায় ফেনী শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচির আহ্বান জানানো হয়েছে।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনী প্রেস ক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন এবং ছাগলনাইয়া প্রেস ক্লাব। সংগঠনগুলোর নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, শুক্রবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক সজিবকে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। এ সময় তিনি বলেন, "সাংবাদিকের ওপর হামলাকারী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"
