×

চট্টগ্রাম

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং অবশিষ্ট পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা আদায় করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ‘এইচএসসি ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। দুপুরে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে যান। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। ফটক খুলে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছেড়ে দিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সাত দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অনেক পরীক্ষার্থী নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। পাশাপাশি কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি ও অসংগতির কারণে পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে: দেশের বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, প্রশ্নপত্রের মান ও পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্নের ন্যায্য মূল্যায়ন, প্রশ্ন প্রণয়নে দায়িত্বে অবহেলাকারীদের জবাবদিহির আওতায় আনা, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ, প্রবেশপত্র ও নিবন্ধনপত্র পুনরায় ইস্যু এবং বাস্তবসম্মত নতুন পরীক্ষার রুটিন প্রকাশ।

আন্দোলনকারী শিক্ষার্থী আমিনুল ইসলাম শাকিল বলেন, শিক্ষা বোর্ডের কাছে সাত দফা দাবি তুলে ধরা হয়েছে। বিকেল ৩টার মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তাই প্রতিবাদ হিসেবে সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা আদায় করা হয়েছে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য শিক্ষা বোর্ড কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা পেছানোর দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা বোর্ড এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বাড়ল ফার্মের মুরগির দাম

আবারও বাড়ল ফার্মের মুরগির দাম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

এইচএসসির প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসির প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

বাড়িতে ঢুকে পরিবারকে জিম্মি করে লুটপাট, নৈশপ্রহরীকে ছুরিকাঘাত

বাড়িতে ঢুকে পরিবারকে জিম্মি করে লুটপাট, নৈশপ্রহরীকে ছুরিকাঘাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App