ফেনীতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবি
সৈয়দ মনির আহমদ, ফেনী
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: ভোরের কাগজ
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে জমে থাকা পানি নিষ্কাশন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তেমুহনী বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং ফেনী জেলা যুবদলের সদস্য মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয়বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শামসুর রহমান লাবলু ও জামাল একাডেমির প্রধান শিক্ষিকা তহুরা শামিম প্রমুখ।
বক্তারা বলেন, মহাসড়ক নির্মাণের সময় এ রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। এরপর তেমুহনী বাজারে আর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। বর্তমানে এ বাজারে সামান্য বৃষ্টি হলে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের যাতায়াত, মসজিদের মুসল্লিদের যাওয়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়। বাজারে ক্রেতা সমাগম কমে যায়। এ বিষয়ে বারবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং বিভিন্ন স্থানে নানা চেষ্টা করেও কোনো সুরাহা পাওয়া যায়নি।
যুবদল নেতা ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি জানান, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী এলাকাটি একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। এখানে ২৪ ঘণ্টা মানুষের সমাগম থাকে। আশপাশের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, মহাসড়ক নির্মাণের সময় ড্রেন নির্মাণ না করায় বৃষ্টি হলে এ বাজারে পানি নিষ্কাশন হয় না। জমাটবদ্ধ পানির গন্ধ ছড়িয়ে নানা ভোগান্তির সৃষ্টি হয়। আমরা এর প্রতিকার চাই।
