ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম
ছবি: সংগৃহীত
ফেনীর পরশুরাম সীমান্তে সাত ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এ সময় বিজিবির তাৎক্ষণিক বাধা ও কঠোর অবস্থানের মুখে তা প্রতিহত হয়।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টায় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সাতজন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন শিশু ছিল। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে কৌশলগত অবস্থান নেন এবং অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির এমন কঠোর ও সুদৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই সাতজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
আরো পড়ুন: ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত
প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিজিবি জানিয়েছে, পুশ-ইনের শিকার হওয়ার উপক্রম হওয়া ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। ঘটনা চলাকালীন কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন।’
তিনি আরো বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে পুশ-ইনের অভিযোগ সামনে আসায় নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফেনীর পরশুরাম সীমান্তে নারী ও শিশুসহ ভারতীয় নাগরিকদের জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টার পর সীমান্তজুড়ে কড়া নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পরিস্থিতি নিয়ে এমন উত্তেজনার আবহেই বিজিবি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে— যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
