হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সময়ে গণমাধ্যম শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির এই যুগে প্রায় প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম রয়েছে। তাই কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, গণমাধ্যম বলতে এখন আর শুধু ২৬টি টেলিভিশন চ্যানেলকে বোঝায় না। মানুষের হাতে থাকা বিভিন্ন ডিজিটাল মাধ্যমের মাধ্যমে যে কেউ ইচ্ছা করলে তার বক্তব্য শুনতে পারেন। তিনি বলেন, অতীতে শেখ হাসিনার সরকারের সময় আদালতের আদেশে তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল। তার প্রশ্ন, যদি সেটিকে গণতন্ত্র বলা না যায়, তাহলে বর্তমান পরিস্থিতিকেও কীভাবে গণতন্ত্র বলা হবে?
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের একজন নাগরিক। তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতেও তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের সপরিবারে হত্যা করা হয়েছিল এবং স্বাধীনতা সংগ্রামের সময় আওয়ামী লীগ ছিল দেশের প্রধান রাজনৈতিক শক্তি। এসব বিষয় এবং শেখ হাসিনার বয়স বিবেচনায় নিয়ে তার ব্যক্তিগত ধারণা, তিনি শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসবেন। অন্যথায় তার দল এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কী হবে- সেই প্রশ্নও থেকে যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ঘটনাটি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি প্রমাণ করে, রাজনৈতিক দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেই। তার মতে, এসব ঘটনা আবারও দেশের রাজনীতি পুরোনো ধারায় ফিরে যাওয়ার আশঙ্কার ইঙ্গিত বহন করে।
স্থানীয় বিএনপির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রুমিন ফারহানা বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এই বাস্তবতাকে বিএনপিকেও মেনে নিতে হবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
