পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আরজুনা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উত্তর-পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আরজুনা ওই এলাকার সফিক মাঝির মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার মেয়ে জান্নাতের বয়স ১৭ বছর এবং ছেলে ইয়াসিন আরাফাতের বয়স ১১ বছর।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আরজুনার স্বামী জামাল শিকদার শ্রমিকের কাজ করেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি মাছের প্রজেক্ট থেকে খাবার খেতে বাড়িতে আসেন তিনি। এ সময় আরজুনা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
কথা-কাটাকাটির একপর্যায়ে জামাল শিকদার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী আরজুনাকে কোপান বলে অভিযোগ ওঠে। এ সময় তাদের ১১ বছর বয়সী ছেলে ইয়াসিন আরাফাত ভয়ে চিৎকার করতে করতে পাশের বাড়িতে চলে যায়।
পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে ঘরের দরজার পাশে আরজুনাকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের কাছেই একটি ধারালো দা পড়ে থাকতে দেখা গেছে বলেও স্থানীয়রা জানান।
খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
