মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, ১৫ জন গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন মাদক কারবারি, ১০ জন মাদকসেবী এবং একজন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছেন। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহুতিকান্দা গ্রামের কাশেমের ছেলে মো. আবুল কালাম (৩৭), তার স্ত্রী মোছা. পরান আক্তার (৩৫), আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামের মৃত আলী হোসেন বেপারীর ছেলে মো. মঙ্গল মিয়া (৬০) এবং একই গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে শ্যামল চন্দ্র সরকার (৪২)।
আরও পড়ুন: লুঙ্গি খুলে হল ঘোরানোর হুমকি, কুবিতে রাতভর র্যাগিংয়ের অভিযোগ
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আন্দিকুট গ্রামের মৃত কশু দাসের ছেলে সুবল দাশ (৩৫), আমিননগর গ্রামের মাতাব্বর আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (২৫), উত্তর বাখরাবাদ গ্রামের ফুল মিয়ার ছেলে মো. অলি উল্লাহ (২২), মৃত আক্কল মিয়ার ছেলে ময়নাল (২৫), উলুমুড়িয়া গ্রামের আবদুল খালেকের ছেলে মো. আবদুল্লাহ আল মামুন (৩২), খানেপাড়া গ্রামের মৃত দিলীপ দাসের ছেলে জয়দেব দাস (৩৫), কুড়াখাল গ্রামের আইয়ুব খানের ছেলে ফারুক খান (২৭), একই গ্রামের শহিদ মবিনের ছেলে মো. মাসুম মবিন (২৮), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার সাদ্দাম আলীর স্ত্রী লাল চাঁন বেগম (২৫) এবং মো. রাজু মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার (২০)। এছাড়া রোয়াচালা গ্রামের ছোট্টু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বুধবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
