×

চট্টগ্রাম

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

ছবি: ভোরের কাগজ

‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই প্রত্যয়ে কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার গুঞ্জর সমিতির খেলার মাঠে মুরাদনগর থানা ও নবীপুর পূর্ব ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

আরও পড়ুন: শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না: সারজিস আলম

সমাবেশে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক সেবনকারী বা বিক্রেতা কারও সঙ্গে পুলিশের কোনো আপস নেই। কোনো মাদক কারবারি ও সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। যতদিন মুরাদনগর মাদক থাকবে, ততদিন মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। মুরাদনগরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ আয়োজন করা হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, মুরাদনগরের ছয়বারের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে মুরাদনগরকে মাদকমুক্ত করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

গুণীজন সংবর্ধনা কমিটির মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, আল মুজাফফার জমিয়তে উলামায়ে ইসলামের মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, গুঞ্জর ঐক্য সমাজ পরিষদের নেতা রিয়াদ আহমেদ, প্লাবন, খোরশেদ আলম মাস্টার, অ্যাডভোকেট হাসান আহমেদ, সাংবাদিক এন এ মুরাদ, নবীপুর পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবুল সরকারসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা। পরে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত মুরাদনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

গুম দিবস সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

মুফতী ফয়জুল করীম সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App