পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা, আহত ৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। পুলিশের গাড়ি ঘেরাও করে ব্যারিকেড দেওয়া এবং ইট-পাটকেল ও কাচের বোতল নিক্ষেপের ঘটনায় খুলশী থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
শুক্রবার সকালে নগরীর খুলশী থানার ওয়্যারলেস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়।
ওয়্যারলেস কলোনি এলাকার বাসিন্দা ওয়াকিল হোসেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকারি জমি দখল ও গোলাগুলিসহ নানা অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
পুলিশের ভাষ্য, গত ২৯ আগস্ট পাহাড়তলী কলেজের অস্থায়ী শিক্ষক মিজানুর রহমানকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াকিল হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে শুক্রবার সকালে অভিযান শুরু করে পুলিশ।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, থানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ওয়্যারলেস কলোনি মোড়ে পৌঁছালে পুলিশ সদস্যরা রাস্তায় ব্যারিকেড দেখতে পান। সেখানে কয়েকশ মানুষ অবস্থান করছিলেন। পুলিশের গাড়ি আটকে দিয়ে হামলাকারীরা ইট-পাটকেল, কাচের বোতল নিক্ষেপ শুরু করে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।
ওসি আবদুর রহিম বলেন, হামলায় তিনি, তার বডিগার্ডসহ আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের নিক্ষেপ করা ইটের আঘাতে পুলিশের একটি সরকারি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ওয়াকিল হোসেনসহ হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
