×

চট্টগ্রাম

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ছবি: ভোরের কাগজ

মাথার ওপর জীর্ণ টিনের চাল। চারপাশে অভাবের চিহ্ন। জরাজীর্ণ সেই কুটিরেই কেটে গেছে ৮১ বছরের রোকেয়া খাতুনের জীবনের দীর্ঘ সময়। গ্রামে বিদ্যুৎ এসেছে প্রায় ২৬ বছর আগে। কিন্তু এতদিন সেই আলো পৌঁছায়নি তাঁর ঘরে। সুপেয় পানির ব্যবস্থাও ছিল না। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার তাঁর ঘরে জ্বলেছে বিদ্যুতের আলো, উঠানে বসেছে নলকূপ। নতুন আলোয় আলোকিত ঘর দেখে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি বৃদ্ধা রোকেয়া।

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের বাসিন্দা রোকেয়া খাতুন। ১৬ বছর আগে স্বামী গোফরান মিয়া মারা যান। দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও অভাবের কারণে সন্তানদের পক্ষেও নিয়মিত মায়ের খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। ফলে দীর্ঘদিন ধরেই অনেকটা নিঃসঙ্গ জীবন কাটছে তাঁর।

সম্প্রতি রোকেয়া খাতুনের মানবেতর জীবনযাপনের বিষয়টি নজরে আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কুলুবাড়ি তরুণ সমাজ সামাজিক সংগঠন’র। সংগঠনের সভাপতি পাপিয়া সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে গিয়ে সরেজমিনে বৃদ্ধার দুরবস্থা দেখে। পরে সংগঠনের উদ্যোগে তাঁর ঘরে বিদ্যুৎ সংযোগের মিটার স্থাপন করা হয়। পাশাপাশি সুপেয় পানির জন্য বসানো হয় একটি নতুন নলকূপ।

আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যুৎ সংযোগ ও নলকূপ হস্তান্তর করা হয়। দীর্ঘ ২৬ বছর পর নিজের ঘরে বিদ্যুতের আলো জ্বলতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রোকেয়া। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তবে ঘরে আলো ফিরলেও রোকেয়ার জীবনের সব অন্ধকার কাটেনি। এখনো তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা নিরাপদ মাথা গোঁজার ঠাঁই। জীর্ণ ঘরটির অবস্থা এতটাই নাজুক যে যেকোনো সময় সেটি ভেঙে পড়তে পারে। তাই নিজের ঘরটির দিকে তাকিয়ে সরকারের কাছে একটি নিরাপদ থাকার ঘরের আকুতি জানিয়েছেন ৮১ বছরের এই বৃদ্ধা। জীবনের শেষ সময়ে অন্তত একটি নিরাপদ ঘরে শান্তিতে থাকতে চান তিনি।

সংগঠনের সভাপতি পাপিয়া সরকার বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রোকেয়া খাতুনের ঘরে আলো ও পানির ব্যবস্থা করতে পেরেছি। খুব শিগগিরই তাঁর ঘরে একটি বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থাও করা হবে। তবে তাঁর জীর্ণ ঘরটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই অসহায় বৃদ্ধার জন্য দ্রুত একটি সরকারি ঘরের ব্যবস্থা করা হোক।

বিদ্যুৎ সংযোগ ও নলকূপ হস্তান্তরের সময় সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক রিফাত, সদস্য ইব্রাহিম, আক্তার, মেহেদী, সোহেল, আলমগীর, শান্ত, শাহনেওয়াজ, শাহজালাল, মানিক, আরিফ ও হৃদয়সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App