পানিতে ডুবে দাদা-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত
কাগজ প্রতিবেদক, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
ফাইল
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছেন । রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, দাদা আবু সিদ্দিক(৫০), নাতি পিয়াস হোসেন(৯) ও নাতনি পমি আক্তার। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের পাশে পুকুরে গোসল করতে যায় তিনজন। প্রথমে দাদা আবু সিদ্দিক পরে নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তার পানিতে ডুবে যায়। এক পর্যায়ে দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নাতি পিয়াস হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল।
আরও পড়ুন: বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এ ঘটনা কোনভাবে মেনে নেয়া যায় না। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের লোকজন এলাকায় অবস্থান করছে তদন্তের পর কারণ জানা যাবে।
