সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫
কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টায় জড়ো হওয়া পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মিনি বাজার এলাকার সিফাত, সাইফুল ইসলাম, শামীম, সাঈদ ও টেকনাফ গোদার বিল গ্রামের আব্দুল হামিদ। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি জানান, রোববার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন লোককে জড়ো করার খবর পায় র্যাব।
আরও পড়ুন: বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি
পরে র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
উদ্ধার ভুক্তভোগীদের স্বজনদের কাছে ফেরত ও ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, আ. ম. ফারুক।
