সাজেক সড়কে অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি : সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন দুটি আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে তাঁদের উপস্থিতি কমে আসে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন নামের স্থানীয় দুটি সংগঠন এ অবরোধের ডাক দিয়েছে।
অবরোধকারীদের অভিযোগ, সাজেকের মাসালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র সদস্যরা। তাঁদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
সে সময় প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, অভিযোগ অস্বীকার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। তাঁর অভিযোগ, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে সাজেকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের ওপর শোষণ-নির্যাতন চালিয়ে আসছে।
সজীব চাকমা আরও বলেন, পার্বত্য সমস্যার সমাধান, শান্তি প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় জনসংহতি সমিতি কাজ করছে। তাই সাজেকসহ পুরো পার্বত্য চট্টগ্রামে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে।
এদিকে, আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের মধ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন।
পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
