চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৪
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে চা বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ম্যানেজারসহ দুইজন আহত হয়েছেন। উপজেলার ভূজপুর ইউনিয়নের মির্জারহাট সংলগ্ন স্থানীয় পঞ্চবটী চা বাগান এলাকায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কৃষি ব্যাংক নারায়ণহাট শাখা থেকে ৭ লাখ ৩৩ হাজার টাকা উত্তোলন করে বাগান অফিসে ফিরছিলেন সহকারী ম্যানেজার নেপাল দাশ।
পথে বাগান গেটের অদূরে একদল ছিনতাইকারী পথ রোধ করে তাঁর হাত থেকে টাকার ব্যাগটি কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। দিতে না চাইলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় বাবুল কান্তি দাশ নামে এক পল্লিচিকিৎসক দৌড়ে এসে বাঁচাতে চাইলে তাঁকেও আঘাত করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার বিকেলে বাগান এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে চা বাগানের শ্রমিকরা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুহাম্মদ জিহান নামে আরও একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এর মধ্যে আটককৃতদের একজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে আরও দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, জড়িতদের আটক করে টাকা উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।
