×

চট্টগ্রাম

কক্সবাজারে রিসোর্টে আগুন

একই পরিবারের নিহত ৬ জনের পরিচয় মিলল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

একই পরিবারের নিহত ৬ জনের পরিচয় মিলল

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। ছবি: কোলাজ ভোরের কাগজ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে ইনানীর টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত নাফিজ তেহামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ চুনাখালী গ্রামে। তাঁর বাবার নাম মো. জেয়াদুল কবির এবং মায়ের নাম কাজল রেখা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) পরিবারের নয় সদস্যকে সঙ্গে নিয়ে কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ওঠেন নাফিজ। শনিবার সকালে রিসোর্টটিতে আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে নাফিজসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়। পরিবারের বাকি সদস্যদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নিহত অন্য পাঁচজন হলেন নাফিজের বোন মেলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাবিলা, মালিহা মিলা, সাবরিন এবং শিশু ফাইজান আহাম্মেদ। একই পরিবারের ছয় সদস্যের এমন মর্মান্তিক প্রাণহানিতে স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

শোকবার্তায় সাদিক কায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এমন মর্মান্তিক ঘটনায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ঢাবি শিক্ষার্থী মো. নাফিজ তেহামীসহ পর্যটকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।’

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম

একই পরিবারের নিহত ৬ জনের পরিচয় মিলল

কক্সবাজারে রিসোর্টে আগুন একই পরিবারের নিহত ৬ জনের পরিচয় মিলল

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App