×

চট্টগ্রাম

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

ছবি: সংগৃহীত

সাজেকে গোলাগুলির জন্য পাহাড়ি দল ইউপিডিএফকে দায়ী করেছে পুলিশ। রাঙামাটির পুলিশ সুপার বলেছেন, পর্যটকবাহী গাড়িতে ইউপিডিএফের সশস্ত্র একটি দল গুলি ছুড়লে সেনাবাহিনীকেও পাল্টা গুলি চালাতে হয়েছিল। তবে ইউপিডিএফ দাবি করেছে, সেখানে সেনাসদস্যরা একতরফা গুলি চালায়।

সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুটি সংগঠনের অবরোধ চলার মধ্যে আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সঙ্গে একটি সশস্ত্র দলের গোলাগুলির খবর দেয় পুলিশ। দুর্গাপূজার ছুটির মধ্যে পর্যটন কেন্দ্র সাজেকে গিয়ে আটকা পড়েন হাজার খানেক পর্যটক। তাদের উদ্ধার করে আনছিল সেনাবাহিনী। তখন উজো বাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ রকিব হোসেন দুপুরের পর জেলা সদরে সংবাদ সম্মেলন করে প্রায় দেড়শ কিলোমিটার দূরের সাজেকে সংঘটিত পুরো ঘটনা তুলে ধরে বলেন, বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন: সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

সংঘর্ষের সূত্রপাত নিয়ে তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে পর্যটকদের বহনকারী গাড়িবহর যখন উজো বাজারে এসে পৌঁছায় তখন অবরোধকারীরা গাড়িবহর ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। ‘এক পর্যায়ে যখন পর্যটকদের বহনকারী গাড়িবহর ওই এলাকা ত্যাগ করে, এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে।’

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই গোলাগুলি চলছিল জানিয়ে তিনি বলেন, দুপুর একটার পর পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সেনাবাহিনীর ৪/৫ জন এবং পুলিশের দুজন সদস্য ইটের আঘাতে জখম হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অন্য পক্ষে হতাহতের বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করে পুলিশ সুপার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পর্যটকদের লক্ষ করে গুলি করে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারীরাও পাল্টা গুলি ছোড়ে।’ সশস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন রাঙামাটির এসপি।

ইউপিডিএফের অস্বীকার

সংঘর্ষের জন্য পুলিশ ইউপিডিএফকে দায়ী করলেও সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সাজেকে কারো সঙ্গে সেনাসদস্যদের গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। এনিয়ে সরকারি বাহিনী বানোয়াট তথ্য দিচ্ছে।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, আজ (বৃহস্পতিবার) কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানকার জনগণের সঙ্গে কথা বলে এমন খবরের সত্যতার বিন্দুমাত্র প্রমাণ মেলেনি।

বিবৃতিতে দাবি করা হয়, ‘মূলত জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার ন্যায্য দাবিতে সাজেকবাসীর চলমান শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচাল করার অপচেষ্টার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা একতরফা বিভিন্ন দিকে গুলিবর্ষণ করেছে।’ সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিপেটার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন অংগ্য মারমা।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বিরোধিতা করে গড়ে ওঠা সংগঠন ইউপিডিএফ শুরু থেকেই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জনসংহতি সমিতির বিরোধিতায় রয়েছে। দুটি দলের সংঘাতে পাহাড়ে রক্তক্ষয়ও হয়েছে অনেক বার।

ইউপিডিএফ সমর্থিত সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন সংগঠন দুটি সেখানে অবরোধ ডেকেছে। তাদের দাবি হচ্ছে, সাজেক থেকে জেএসএসের ‘সশস্ত্র গোষ্ঠী’কে বিতাড়িত করতে হবে। দুর্গাপূজার কারণে বিরতি দেওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে সংগঠন দুটি সাজেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়।

সশস্ত্র তৎপরতার বিষয়ে জনসংহতি সমিতির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সন্তু লারমা নেতৃত্বাধীন দলটি বরাবরই ইউপিডিএফের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আসছে।

এদিকে অবরোধের কারণে রাঙামাটি জেলঅ প্রশাসন সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গতকালই নিয়েছিল। তবে পূজার ছুটির মধ্যে অবরোধ শিথিল থাকায় ২ হাজারের মতো পর্যটক সেখানে গিয়ে আটকা পড়েন। তাদের উদ্ধারের সময়ই গোলাগুলি ঘটল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি

মধ্যপ্রাচ্য থেকে ‘গোপনে’ সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইরান-হুতির হুমকি মধ্যপ্রাচ্য থেকে ‘গোপনে’ সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App