‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম
ফাইল ছবি
গত ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে পরিচালনা করা হয়েছে, সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা যাবে না। নির্বাচিত সরকারের জবাবদিহি রয়েছে, তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের স্বার্থে এবং জনগণের সেবায় ব্যবহার করতে হবে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি বড় দায়িত্ব। কারণ, নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকারের কোনো জবাবদিহি ছিল না। যখন যা প্রয়োজন মনে হয়েছে, তখন তা-ই করা হয়েছে। এ ধরনের শাসনব্যবস্থায় স্বর্ণ ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ কেউই উপকৃত হননি।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু
তিনি বলেন, ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত্তি যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও মানুষের অবস্থানও তত বেশি মজবুত হবে।
দেশের উন্নয়নে সবার দেশপ্রেম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে পানি সম্পদমন্ত্রী বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। স্বর্ণ ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, প্রতিটি ব্যবসা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ এবং সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অন্যরা।
