পুকুরে মাছ, পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য
আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা (ফেনী)
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: ভোরের কাগজ
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মৎস্য ঘেরের পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য পেয়েছেন রামনগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার কৃষক হাজী আহছান উল্যাহ। পুকুরের পানিতে মাছের উচ্ছ্বাস, আর পাড়জুড়ে সবুজের সমারোহ।
সরেজমিনে কৃষক হাজী আহছান উল্যাহর মৎস্য ঘেরে গিয়ে দেখা গেছে, তিনি পুকুরে মাছের খাবার দিচ্ছেন, আবার একই সঙ্গে পাড়ের সবজির চারাগুলোরও পরিচর্যা করছেন।
কথা বলে জানা গেল, বাড়ির পাশে প্রায় ৪৫০ শতক জমি কেটে এই পুকুর করেছেন কৃষক আহছান উল্যাহ। সেখানে কার্প জাতীয় রুই, কাতল, মৃগেল,সিলভার, সরপুঁটি, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। রুটিন করে প্রতিদিন সম্পূরক খাবার দেন। সযত্নে বেড়ে ওঠা মাছগুলো এখন বিক্রির উপযোগী হয়েছে। মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে এবং পুকুরের ঘনত্ব নিয়ন্ত্রণে রাখতে তিনি মাঝে মাঝেই কিছু মাছ ধরে নেন।
শুধু মাছ চাষেই থেমে থাকেননি, পুকুরপাড়ের খালি জায়গাকেও দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে পুরো পাড়জুড়ে গড়ে তুলেছেন বিষমুক্ত সবজির বাগান। সেখানে পেঁপে, লাউ, চিচিঙ্গা, ঝিঙা, কাঁচা মরিচ, বেগুন, মিষ্টি কুমড়াসহ সবজির বাগান গড়ে তুলেছেন।
কৃষক হাজী আহছান উল্যাহ বলেন, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে ও সহযোগিতায় বেশ কয়েক বছর ধরেই তিনি এই সমন্বিত পদ্ধতিতে মাছের ঘেরের পাড়ে ৬০টি পেঁপে গাছসহ অন্যান্য শাকসবজির চাষ করেছেন এবং বেশ সাফল্যও পাচ্ছেন। একেকটি পেঁপে প্রায় ৪ কেজি ওজন। পাকা পেঁপে ১ কেজি বিক্রি করছেন ৮০ টাকা। এতে তার পরিবারের দৈনন্দিন আমিষ ও পুষ্টির চাহিদা যেমন সহজেই মিটে যাচ্ছে, তেমনি দৈনন্দিন বাজারের খরচও অনেকাংশে কমেছে।
উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সফিক উল্যাহ বলেন, হাজী আহছান উল্যাহ একজন পরিশ্রমী কৃষক। তিনি বিভিন্ন ফসল করে সফলতা পেয়েছেন। এবারও পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন। তাঁর চাষ করা পেঁপেগুলো আকারে বেশ বড় ও খেতে খুব মিষ্টি। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারী, ইমারজেন্সী প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)-এ্যাগ্রিকালচারাল সিস্টেম রেস্টোরেশন কম্পোনেন্ট এর আওতায় পুকুর পাড়/ঘের প্রদর্শনী দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান বলেন, পেঁপে খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল এবং সবজি। পেঁপের প্রাত্যহিক চাহিদা রয়েছে ব্যাপক। লাভজনক ফসল হিসেবে পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হয়েছে ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
