সিটি নির্বাচনে চ্যালেঞ্জ নেই: আইজিপি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৮:০০ পিএম
আসন্ন সিটি নির্বাচনে কোনও চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোন নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৮ এপ্রিল) হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন পুলিশ প্রধান। নামাজ শেষে মাজার জিয়ারত ও নিজের মা-বাবার কবর জিয়ারত শেষে আসন্ন সিটি নির্বাচন নিয়ে পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের মন্তব্য করেন তিনি। এ সময় আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছি না। তবে যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি আছে।
নিজ শহর সিলেটের স্মৃতিচারণ করে তিনি বলেন, সিলেট আন্তরিকতার শহর। এখানে সর্বদাই আন্তরিক পরিবেশ বজায় থাকে। যে কোনো কর্মকর্তা সিলেটে চাকরি করে যাওয়ার পরও সিলেট ভুলতে পারেন না।
এর আগে বৃহস্পতিবার রাতে দুইদিনের সফরে সিলেট যান তিনি। সফরকালে পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের কথা আছে তার।
