ইলেকট্রনিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
তালা, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
সর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ইলোকট্রনিক্সের একটি দোকান। আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী দোকান মালিকের ।
শনিবার গভীর রাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দলুয়া বাজারে তুলি মোবাইল এন্ড ইলেকট্রনিক্স নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশসহ জনপ্রতিনিধিরা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক বাঁকাচাদ মণ্ডল জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে রাত ৪ টার দিকে স্থানীয়রা তাকে মুঠোফোনে জানায় দোকানে আগুন লেগেছে। ওই সময় দোকানে এসে দেখি যাবতীয় মালামাল সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দোকানের আগুন নিভিয়ে ফেলেন তিনি। তবে দোকানের মালামাল পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেহেরির সময় কিছু জেলে মাছ মারার জন্য দলুয়া বাজারের ঐ দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে দোকানের মধ্যে আগুন জ্বলছে । পরে তারা লোকজন ডেকে আগুন নেভায়। এসময় দোকান মালিককে বিষয়টি জানানো হয়।
খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দোকান মালিকের বড় ধরনের ক্ষতি হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।
