অস্থিরতা, নৈরাজ্য ও অপপ্রচার রোধে সোনারগাঁও বিএনপির সংবাদ সম্মেলন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৫:৫৫ পিএম
সোনারগাঁও বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: ভোরের কাগজ
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নানারকম অস্থিরতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, গুজব ও অপপ্রচার বিষয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১০ আগস্ট) দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী কাদিরগঞ্জ এলাকায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
নিজ বাসভবনে আয়োজিত সম্মেলনে বক্তব্য দেয়ার সময় মান্নান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদরা আমাদের মাথার তাজ। যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে সোনারগাঁও উপজেলা বিএনপি আছে। তাদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে। সোনারগাঁওয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন হামলা বা ভাঙচুর হয়নি। উপজেলা, থানা ও বারদী আশ্রম বিএনপি ও অঙ্গসংগঠনের লোকজন দিন-রাত পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, বিএনপি আরো ১০০ বছরেও যদি ক্ষমতায় না আসে, তবুও আওয়ামী লীগ ও জাপাতে যোগ দেয়া সুবিধাবাদী নেতাকর্মীদের বিএনপিতে ফেরত নেয়া হবে না।
আরো পড়ুন: নরসিংদীতে মালিক-চালকের হাত-পা বেঁধে গরু বোঝাই ট্রাক ছিনতাই
এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, বিএনপি নেতা নোবেল মীর, যুবদল নেতা মোহাম্মদ সোহেল প্রমুখ।
