×

সারাদেশ

দুশ্চিন্তায় জেলেরা

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

ছবি: সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

জলদস্যুদের উৎপাত ও জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন উপকূলের জেলেরা। সাগরে গিয়েও মিলেনি কাঙ্ক্ষিত মাছ। এর মধ্যেই আজ ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা।

প্রতি বছরের মতো এবারও বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ প্রচার অভিযান ও সভা-সমাবেশ শুরু করেছে।

তবে জেলেরা বলছেন, মৌসুমের শুরু থেকেই সাগরে জলদস্যুদের উৎপাত বেড়েছে। পাশাপাশি গত দুই মাস ধরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এসব কারণে অধিকাংশ জেলে সাগরে যেতে পারেননি। যারা বেশি দামে তেল কিনে সাগরে গেছেন, তারাও কাঙ্ক্ষিত মাছ পাননি।

সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞা চলাকালে প্রণোদনা বাড়ানো, তা প্রকৃত জেলেদের মধ্যে বিতরণ, গভীর সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার এবং জ্বালানি সংকট নিরসন জরুরি।

মৎস্য বন্দর আলীপুরে অবস্থানরত রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের জেলে দুলাল মাঝি বলেন, “এ মৌসুমের শুরু থেকেই সাগরে জলদস্যুদের ব্যাপক উৎপাত বাড়ে। পাথরঘাটা, ভোলা ও চট্রগ্রামসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন জেলেকে জলদস্যুরা ধরে নিয়ে গিয়েছিল। পরে তারা আবার মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। ব্যাপক আতংক থাকা সত্ত্বেও আমরা সাগরে গিয়ে মাছ শিকার করেছি। কিন্তু আমাদের জালে আশানুরূপ মাছের দেখা মেলেনি। আমরা সাগরে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানাচ্ছি।”

মৎস্য বন্দর মহিপুরে অবস্থানরত পাথরঘাটা এলাকার জেলে মো. শহীদ বলেন, “অন্তত দেড় মাস হয়েছে মহিপুরের খাপরাভাঙ্গা নদীতে আমাদের ট্রলার নোঙ্গর করা রয়েছে। ডিজেল না পাওয়ার কারণে আমরা সাগরে যেতে পারছি না। এখন আর সাগরে যাওয়ার সময়ও নেই। আজ ১৫ এপ্রিল বুধবার থেকে শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। কেমন করে পরিবার চালাবো তা নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছি। শুনেছি এবছর সরকার ৭৭ কেজি করে চাল দিবে। এ চাল দিয়ে ৫ সদস্যের পরিবার কোনভাবেই চালানো সম্ভব নয়।”

মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, “সাগরে নেই মাছ, তার ওপর আবার তেলের সংকটে আমরা এই মাছের ব্যবসার সাথে যারা যারা জড়িত তারা সবাই হতাশায় দিন কাটাচ্ছি।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “আজ ১৫ এপ্রিল থেকে সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু। মৎস্যজীবিরা এই নিষেধাজ্ঞা ঠিকভাবে মানলে জেলেদের জালে পর্যাপ্ত মাছ ধরা পরবে।”

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, “নিষেধাজ্ঞা সফল করতে আমরা ইতোমধ্যে প্রচারাভিযান ও সভা সমাবেশ শুরু করেছি। নিষেধাজ্ঞাকালীন সময়ে সমুদ্রে প্রশাসনের ব্যাপক নজদারির পাশাপাশি অসাধু জেলেদের জেল জরিমানার আওতায় নিয়ে আসা হবে। তবে এই দুই মাসে জেলার নিবন্ধিত (সমুদ্রে মাছ শিকারী) ৪৭ হাজার জেলের প্রত্যেককে ৭৭.৩ কেজি করে চাল প্রদান করা হবে। প্রণোদনা বাড়ানোর বিষয়ে জেলে সংগঠন থেকে লিখিত আবেদন জানালে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না’

‘সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না’

সুজন আজমের এক জোড়া কবিতা

সুজন আজমের এক জোড়া কবিতা

স্বাধীন চৌধুরীর কবিতা

স্বাধীন চৌধুরীর কবিতা

মুজিব নগর দিবসে নিরব মুজিব নগর

মুজিব নগর দিবসে নিরব মুজিব নগর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App