পুকুরে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
পুকুরে ডুবে বগুড়া ও মাগুরা জেলায় পৃথক ঘটনায় পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ার কাহালু উপজেলায় ভাই-বোনসহ তিন শিশু এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলায় দুই চাচাতো বোন প্রাণ হারায়।
বগুড়া
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে বগুড়ার কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো: গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে মো. ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো এবং কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. আরজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায় তিন শিশু।
এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মাগুরা
একই দিন সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়।
নিহতরা হলো: আসিনুর রহমানের মেয়ে রাফিয়া খাতুন (২) এবং আলিনুর রহমানের মেয়ে রাইশা খাতুন (৩)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে নাস্তা শেষে বাড়ির বাইরে খেলছিল শিশু দুটি। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে অনুসন্ধান শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
