×

ক্রিকেট

দুর্ভাগ্যের শিকার মুশফিক, বৃষ্টি নামার আগে বড় লিড বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:৪৮ পিএম

দুর্ভাগ্যের শিকার মুশফিক, বৃষ্টি নামার আগে বড় লিড বাংলাদেশের

ছবি : সংগৃহীত

গল টেস্টের পঞ্চম দিনে দুর্ভাগ্যের শিকার হয়ে মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন মুশফিকুর রহিম। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য ব্যাটিংয়ে বড় লিডের পথে রয়েছে বাংলাদেশ।

শনিবার (২১ জুন) দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে টাইগাররা। ফলে প্রথম ইনিংসের ১০ রানের লিডসহ এগিয়ে আছে ২৪৭ রানে। এর মধ্যেই বৃষ্টি শুরু হওয়ায় কিছু সময়ের জন্য খেলা বন্ধ রয়েছে।

শনিবার সকালে যখন মাঠে নামে বাংলাদেশ, তখন ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল। তবে শান্ত ও মুশফিকের দৃঢ়তায় চিত্র পাল্টে যায়। দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসেও শতকের পথে আছেন শান্ত। তিনি এখন ১৬৮ বল খেলে ৯ চারসহ অপরাজিত আছেন ৮৯ রানে।

আরো পড়ুন : গিলক্রিস্টকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ড

অন্যদিকে, মুশফিকুর রহিম দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফিরেছেন ব্যক্তিগত ৪৯ রানে। ৭৬তম ওভারের শেষ বলে প্রবাথ জয়সুরিয়ার ডেলিভারিতে মিড-অনে বল ঠেলে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন তিনি। প্রায় পৌঁছে গিয়েও দাগ পেরোনোর আগেই থারিন্দু রত্ননায়েকের সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে যায়। ফলে ১০২ বল খেলে ৪টি চারে সাজানো ইনিংসটি থেমে যায় ৪৯ রানে। মাত্র এক রানের জন্য ফিফটি মিস করায় হতাশা নিয়ে মাঠ ছাড়েন মুশফিক।

এই ইনিংসেও শান্ত-মুশফিক গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। প্রথম ইনিংসে ১১১ রানের পার্টনারশিপের পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় ইনিংসেও, যা দলের ভিত শক্ত করতে ভূমিকা রাখে।

চতুর্থ দিনে ওপেনার সাদমান ইসলাম দুর্দান্ত শুরু করেও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৭৬ রানে আউট হন। সেই আক্ষেপ পূরণ করতে পারেন কি না শান্ত, এখন সেটাই দেখার বিষয়। সেঞ্চুরি পেলে টানা দুই ইনিংসে শতক করে অধিনায়ক হিসেবে ইতিহাস গড়বেন তিনি।

বৃষ্টি থেমে খেলা পুনরায় শুরু হলে বাংলাদেশের লক্ষ্য থাকবে লিড আরো বাড়ানো এবং শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামিয়ে ফলের দিকে ম্যাচ এগিয়ে নেওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App