সিরিজ জিততে ১৪৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি : সংগৃৃহীত
জিম্বাবুয়েকে ১৪৩ রানে আটকে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের দারুণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচ জিততে টাইগারদের ২০ ওভারে করতে হবে ১৪৪ রান।
রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪৩ রান।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলে খেলা তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৮টি চারের সাহায্যে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের রান এগিয়ে নেন। দলীয় ৭৭ রানে ব্যক্তিগত ৪৭ রানে আউট হন বেনেট।
চার নম্বরে নেমে অধিনায়ক সিকান্দার রাজা মাত্র ৩ রান করে ফিরলে ১০৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
অন্য প্রান্তে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন ডিওন মায়ার্স। ৩৮ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার ইনিংস শেষ হওয়ার দুই বল আগে আউট হন।
বাংলাদেশের বোলাররা শেষ দিকে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেননি। ফলে সিরিজ জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৪ রান।
