দুই এক ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি : সংগৃহীত
রোমাঞ্চে ভরা শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। জয়ের একেবারে কাছাকাছি গিয়েও শেষ ওভারে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে শেখ মেহেদী হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয়।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই ৫ বলে ৪ রান করে আউট হন ওপেনার সাইফ হাসান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩০ রান।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলের চাপ কমান তারা। ২৪ রান করে ইমন ফিরলেও তানজিদের সঙ্গে ৬৩ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক তাওহীদ হৃদয়। হৃদয়ও ব্যক্তিগত ২৪ রান করে বিদায় নেন।
শেষদিকে ইয়াসির আলী রাব্বি ১০ রান করে আউট হন। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু প্রথম দুই বলেই মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়ে ম্যাচে নাটকীয়তা তৈরি করেন ব্র্যাড ইভান্স।
তৃতীয় বলে শেখ মেহেদী হাসান এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান, কারণ আম্পায়ার বলটিকে ডেড বল ঘোষণা করেন। এরপর আর কোনো ভুল করেননি মেহেদী। পরের বলেই দুর্দান্ত একটি চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি।
তানজিদ হাসান তামিম অপরাজিত ৬৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। শেখ মেহেদী হাসান ৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ৭১ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ভালো অবস্থানে নিয়ে যান। বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন।
ডিওন মায়ার্স দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন। ৫২ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান। তবে তার বিদায়ের পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭, ব্র্যাড ইভান্স ১ ও ক্লাইভ মাদান্দে শূন্য রানে আউট হন। অপরাজিত ছিলেন মিল্টন শুম্বা (৪) ও টিনোটেন্ডা মাপোসা (০)।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।
এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।
