×

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

নাঈমের প্রথম দ্বিশতক, বড় সংগ্রহ রাজশাহীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

নাঈমের প্রথম দ্বিশতক, বড় সংগ্রহ রাজশাহীর

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন আগের দিন। সেই ইনিংসটিকেই এবার দ্বিশতকে রূপ দিলেন রাজশাহী বিভাগের তরুণ ব্যাটার নাঈম আহমেদ। বরিশালের বিপক্ষে অপরাজিত ২০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে রাজশাহী।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু করেন নাঈম। আগের দিন ২৩৩ বলে ১৭৬ রান করে অপরাজিত ছিলেন ২১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। দ্বিশতক পূর্ণ করতে প্রয়োজন ছিল আরও ২৪ রান। দিনের শুরুতে সতর্ক ব্যাটিংয়ের পর কামরুল ইসলাম রাব্বির বলে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে।

২৬৭ বলে ২৬টি চার ও একটি ছক্কায় ২০২ রানে অপরাজিত থাকেন নাঈম। তার দ্বিশতক পূর্ণ হওয়ার পরপরই ১০২.১ ওভারে ৭ উইকেটে ৪৫৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে রাজশাহী। এর আগে বরিশাল প্রথম ইনিংসে ২২৯ রানে অলআউট হওয়ায় ২২৮ রানের বড় লিড পায় স্বাগতিকেরা।

নাঈমের প্রথম শ্রেণির ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। গত মৌসুমে রাজশাহীর হয়ে তিন ম্যাচ খেলা এই ব্যাটার চলতি মৌসুমে নিয়মিত সুযোগ পাচ্ছেন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল ৮১ রানের। এবার ষষ্ঠ ম্যাচেই প্রথম সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিয়ে নিজের সামর্থ্যের বড় প্রমাণ দিলেন তিনি।

রাজশাহীর বড় সংগ্রহের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাব্বির রহমানেরও। দ্বিতীয় দিনের খেলায় নাঈমের সঙ্গে চতুর্থ উইকেটে ১৫২ রানের জুটি গড়েন অভিজ্ঞ এই ব্যাটার। ১১৮ বলে ৮৬ রান করে সেঞ্চুরির সুযোগ হারান সাব্বির। এরপর এস এম মেহেরব হাসানের সঙ্গে দিনের শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়েন নাঈম। মেহেরবও অর্ধশতক করেন।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বরিশাল। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ৩৭.১ ওভারে ১ উইকেটে ১৩৩ রান তোলে তারা। তখনো রাজশাহীর চেয়ে ৯৫ রানে পিছিয়ে ছিল বরিশাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা এক দিনের রিমান্ডে

বাণিজ্য মেলার প্রথম দিনেই দুই মোটরসাইকেল চুরি, বিকাশে টাকা দাবি

বাণিজ্য মেলার প্রথম দিনেই দুই মোটরসাইকেল চুরি, বিকাশে টাকা দাবি

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App