গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে ইংল্যান্ড অধিনায়ক ভেঙে দিয়েছেন দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। মাত্র ১১৪ বলে দুইশ রান পূর্ণ করে পেছনে ফেলেছেন ভারতের শুভমান গিলকে। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবেও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন ব্রুক। তার বিধ্বংসী ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এই ইতিহাস গড়েন ব্রুক। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান তুলেছে ইংল্যান্ড। ১১৬ বলে ২১ চার ও ১০ ছক্কায় ২০২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ইংলিশ অধিনায়ক।
এত দিন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল শুভমান গিলের দখলে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে দুইশ রান পূর্ণ করেছিলেন ভারতীয় অধিনায়ক। এবার সেই রেকর্ড তিন বল কম খেলেই নিজের করে নিলেন ব্রুক। এর আগে ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের ইশান কিষান।
অথচ ইনিংসের শুরুতে বেশ সাবধানী ছিলেন ব্রুক। একপর্যায়ে ২৪ বলে তাঁর সংগ্রহ ছিল মাত্র ১৩ রান। এরপরই বদলে যায় ব্যাটিংয়ের ধরন। ৪২ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরিতে পৌঁছান ৭৫ বলে। দেড়শ রান করতে খেলেন ৯৭ বল। শেষ পর্যন্ত ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।
শুধু দ্রুততম ডাবল সেঞ্চুরিই নয়, ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন ব্রুকের। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের ১৮২ রান ছিল ইংলিশ ব্যাটসম্যানদের সর্বোচ্চ। সেই রেকর্ডও ছাড়িয়ে গেছেন ২৭ বছর বয়সী ব্রুক।
শুরুতে অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না ইংল্যান্ড। ১৬ ওভার শেষে ৮৫ রানে ২ উইকেট হারিয়েছিল দলটি। সেখান থেকে জো রুটকে নিয়ে তৃতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন ব্রুক। রুট ৬৬ বলে ৬৯ রান করে বিদায় নিলে উইল জ্যাকসের সঙ্গে শুরু করেন আরও বিধ্বংসী ব্যাটিং। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ৭৭ বলে ১৮৫ রান।
জ্যাকস ৩০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া টম ব্যান্টন করেন ৫০ রান। ইনিংসের শেষ বলে জানিথ লিয়ানাগের শিকার হয়ে মাঠ ছাড়েন ব্রুক।
তার এই রেকর্ডগড়া ইনিংসে পাকিস্তানের মাটিতে ওয়ানডের সর্বোচ্চ দলীয় সংগ্রহও গড়েছে ইংল্যান্ড। শেষ ২৫ ওভারেই এসেছে ২৯৬ রান। শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য দাঁড়িয়েছে ৪৩০ রানের বিশাল লক্ষ্য।
