×

অপরাধ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ আটক ২২

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ আটক ২২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর (ছিন্নমূল ও আলীনগর) এলাকায় অপরাধীদের অভয়ারণ্য গুঁড়িয়ে দিতে এক বিশাল বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ২২ জনকে।

পুলিশ জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি এলজি এবং ২৭টি পাইপগান, এক হাজার ১১৩ রাউন্ড গুলি, ৬১টি কার্তুজ এবং ১১টি ককটেল, ৩০টি ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ এবং লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহৃত ১৯টি সিসি ক্যামেরা, ৩টি ডিভিআর এবং ২টি বাইনোকুলার উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম জেলা পুলিশের বরাতে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।


এর আগে, গতকাল সোমবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এই অভিযানে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত এই অভিযানে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ, সিএমপি, র‍্যাব, বিজিবি, এপিবিএন এবং আরআরএফ-এর মোট ৩ হাজার ১৮৩ জন সদস্য। 

দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালাতে ব্যবহার করা হয় ৩টি হেলিকপ্টার, আকাশপথে নজরদারির জন্য ১২টি ড্রোন এবং ১৫টি এপিসি (সাঁজোয়া যান ) ও র‍্যাব ও সিএমপির ৩টি ডগ স্কোয়াড। অভিযান তদারকি করেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর সিও, অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রামের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিযানে আলীনগর এলাকার বিভিন্ন পাহাড়ে অবস্থিত সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এছাড়া এই এলাকার বিভিন্ন প্রবেশপথ ও পাহাড়ের চূড়ায় স্থাপিত অপরাধীদের ব্যবহৃত ওয়াচ টাওয়ার ধ্বংস করা হয়।

অভিযান শেষে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে এস এম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএনের ১৩০ জন সদস্য এবং আলীনগর উচ্চ বিদ্যালয়ে আরআরএফ, এপিবিএন ও র‌্যাব-৭ এর ২৩০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকায় চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App