মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: ছিনতাইয়ের স্থান ও ইনসেটে আহত হৃদয়
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে হৃদয় (২৩) নামে এক দোকান কর্মচারীকে আহত করে নগদ ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ-২ রোডে আয়েশা টেলিকমের সামনে এ ঘটনা ঘটে।
আহত হৃদয় জানান, সকাল সাড়ে ৮টার দিকে দোকান খোলার জন্য তিনি এভিনিউ-২ এলাকায় আসেন এবং দোকানের সামনে ব্যাগ রেখে পাশের একটি চায়ের দোকানে বসেন। এ সময় একটি অটোরিকশায় দুই ব্যক্তি এসে তার পাশে বসে কথাবার্তা শুরু করে। একপর্যায়ে তারা চাপাতি দেখিয়ে তার কাছে ব্যাগে থাকা ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা তার বাম হাতে চাপাতি দিয়ে দিয়ে কোপ দেয় এবং টাকা ও মোবাইল নিয়ে অটোরিকশায় করে পালিয়ে যায়।
জানা যায়, ছিনতাই হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি প্রায় এক লাখ টাকা মূল্যের স্যামসাং, একটি রিয়েলমি ও একটি টেকনো ব্র্যান্ডের ফোন রয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করা হয়েছে। তবে অটোরিকশা চালক মুখে মাস্ক পরা থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। আকাশ সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছে বলেও জানায় ওই সূত্র।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
