×

অপরাধ

সঞ্চয়ের টাকার লোভে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববিকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

সঞ্চয়ের টাকার লোভে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববিকে হত্যা

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমকে (৭০) হত্যা ও তার সঞ্চিত টাকা লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বাহিনীটির দাবি, দীর্ঘদিনের কষ্টার্জিত মাত্র ২০ হাজার টাকার লোভেই ববির ওপর চালানো হয় নির্মম হামলা, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ববি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে গুরুতর আহত করে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ২০ হাজার টাকা লুট করে নেয় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ৮ জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পরই র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে।

তিনি জানান, গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।

এরপর র‍্যাব-১১-এর একটি দল নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। একই সময়ে র‍্যাব-৯-এর আরেকটি দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ববি বেগমের কাছে নগদ অর্থ রয়েছে, এ তথ্য আগে থেকেই তাদের জানা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে তার ওপর হামলা চালিয়ে মারধর করে প্রায় ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যান তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় ববি বেগমের মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়।

তিনি আরো জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

রেলস্টেশন ও রেলপথে অপরাধীদের আনাগোনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, রেলপথের নিরাপত্তার দায়িত্বে রেলওয়ে পুলিশ রয়েছে। তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এরপরও যদি কোনো ঘটনা র‍্যাবের নজরে আসে, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় হামলা

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় হামলা

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App