গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
সাভারের আমিনবাজার এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্যাস গ্রাহকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আমিনবাজার এলাকায় তিতাস গ্যাসের লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে এলাকার প্রায় ৭০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন।
তারা আরও জানান, বারবার আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি সড়ক বিভাগের কাছে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। এতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কাজ শুরু করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাওন বলেন, এটি নতুন কোনো সংযোগ নয়, পুরনো সংযোগই পুনরায় চালুর দাবি জানানো হচ্ছে। সমস্যার কারণে দীর্ঘদিন ধরে গ্যাস বন্ধ থাকায় পুরো এলাকার মানুষ ভোগান্তিতে আছেন।
আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, গ্যাস সংযোগ বন্ধ থাকায় পরিবারগুলো কষ্টে দিন কাটাচ্ছে। তিন মাস আগে কাজের অর্ডার দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
বিক্ষোভে অংশ নেওয়া অন্য এক ব্যক্তি বলেন, নির্বাচনের পর দুই মাস পেরিয়ে গেলেও গ্যাস সংযোগ চালু হয়নি। এটি পরিকল্পিত সংকট বলে তারা মনে করেন। আগামী সাত দিনের মধ্যে সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না হলে গ্যাস অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
পরে সেনাবাহিনীর আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
