বিচারক ও আইনজীবীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর
সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন বিচার বিভাগকে তাদের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতে পারেন -সেই লক্ষ্যেই সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, অসহায় মানুষের যেন এমন কোনো অভিযোগ না থাকে যে তারা ন্যায্য আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য আইন পেশাজীবীদের আরও মানবিক, আন্তরিক ও জনবান্ধব হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি বিচারবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে আইনি সহায়তা নিতে পারেন।
রাজনৈতিক বিভেদ ভুলে উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “বিভেদ নয়, ঐক্যই পারে মানিকগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে। আমি সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”
জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর ডাকবাংলো আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তিনি ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্ধারিত সময়ে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন।
