×

ঢাকা

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

Icon

মো. সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

ছবি: সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল দুই দফায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা প্যান্ডেল খুলে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে বাধা দিতে গিয়ে এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

শুক্রবার সন্ধ্যা ও শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে শনিবার বিকেলে কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফল উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর। কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন থেকেই মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল।

এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবার রাত ৮টার দিকে একদল ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ প্রথম দফায় মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। পরে প্রশাসনের সহযোগিতায় শনিবার সকালে আবারও প্রস্তুতি নেওয়া হয়। তবে বিকেল ৩টার দিকে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে এসে একদল ব্যক্তি দ্বিতীয় দফায় হামলা চালিয়ে মঞ্চ, প্যান্ডেল এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে।

এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্যসচিব ইউসুফ মোল্লা এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ প্রশাসনের পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ঘটনাস্থলে যান। এ সময় উপস্থিত কিছু এনসিপি নেতাকর্মী তাঁর বিরুদ্ধে স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মাহমুদ বলেন, “আমি এসব ব্যাপারে কিছুই জানি না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, “যারা এ ধরনের হামলা-ভাঙচুর ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ নয়। বিএনপির দুর্নাম করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”

ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির ফল উৎসবের কর্মসূচিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App