×

ঢাকা

গাজীপুরে যুবলীগের মিছিল

পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি

গাজীপুর নগরের বাসন কলম্বিয়া এলাকায় রোববার সকালে মিছিল করে যুবলীগ। ছবি: সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক কর্মী। রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকা প্রদক্ষিণকালে পুলিশকে বাধা দিতে দেখে প্রকাশ্যেই এই প্রাণনাশের হুমকি দেন যুবলীগের ওই কর্মী। 

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, মিছিলের সময় রাস্তার দুইপাশে বেশ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বাধা দেওয়ার প্রস্তুতি নিতে দেখে ব্যানার হাতে মিছিলের অগ্রভাগে থাকা যুবলীগের এক কর্মী পুলিশকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকেন, ‘একটাও সামনে আবি না, একটাও সামনে আবি না; একদম মাইরা ফেলামু।’  

মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের, নাকি আগের কোনো ঘটনার; তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহানগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এ ছাড়া ব্যানারের এক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।

মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—এ ধরনের স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার গণমাধ্যমকে জানান, আজকে সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App