পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রাণ গেল ৬ গরুর
হারিছ আহমেদ, কিশোরগঞ্জ
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: ভোরের কাগজ
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিল্লাল (৩৫), আবু সাইদ খুরশিদ (৩৯) এবং আব্দুস ছোবান খোকন (৩৯)। তাদের সবার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায়। আব্দুস ছোবান খোকনের পিতার নাম মঞ্জু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে নরসিংদীগামী গরুবোঝাই তিনটি পিকআপ ভ্যানের মধ্যে সামনের পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের চালক ও হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্য ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
