মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭টি দোকান পুড়ে ক্ষতি ৩০ লাখ
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা বাজারের বিবিসি ডিগ্রি কলেজ মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী দোকানগুলোকে গ্রাস করে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৭টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
এই আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন চরম মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- মামুন (৪০) এনজিও অফিস, বাবলু (৩৫) পার্সের দোকান, মাজেদ (৪৫) হোটেল ব্যবসায়ী, লাল চান (৫০) ঝালমুড়ির ব্যবসা, সানোয়ার (৪৫) চটপটির ব্যবসা, সানদু (৩০) মেকার ও মাসুদ (৪০) কম্পিউটার দোকান।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট মহল ও সমাজের বিত্তবানদের আন্তরিক ও সম্মিলিত সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এই ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত এই বিপর্যয় কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং তাদের জীবিকা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে।
এ বিষয়ে বিবিসি কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান বলেন, "১২ জুলাই রোববার রাতে ১১টা ৩০ মিনিটে বিবিসি কলেজ মার্কেটে আগুন লেগে ৭টি দোকানঘরসহ ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী। তবে যাদের দোকানঘর পুড়ে গেছে, এরা গরিব মানুষ। এদের সাহায্যে সবাই এগিয়ে আসার আহ্বান করছি।"
