সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
আটকদের একাংশ। ছবি: সংগৃহীত
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙার দর্শনা থানার ছয় জেরিয়া গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে মো. সাগর (৪০), ভোলার সদর থানার ডাঙ্গা বসতপূর্ব গ্রামের মহীদ মণ্ডলের ছেলে মোহাম্মদ আলী (৩৭), পাবনা জেলার ফরিদপুর থানার নেছড়াপাড়া গ্রামের সহিদ আলীর ছেলে ডাইভার রাজু আহম্মেদ (৩২), শেরপুর জেলার নালিতাবাড়ি থানার উত্তর চকপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ড্রাইভার মো. অলিল মিয়া (৪২), লালমনিরহাট জেলার সদর থানার পূর্ব ঢাকনাই গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. রাজিব সরকার (৩১), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মটপাড়া গ্রামের সুশান্ত কুণ্ডুর ছেলে প্রদীপ কুণ্ডু (৩৫), ঢাকা জেলার হাজারীবাগ থানা এলাকার মৃত সফিউল্লাহর ছেলে মো. সহিদ হোসেন (৫৭), একই থানার ভাগলপুর লেন এলাকার শুভংকর রাজবংশীর ছেলে রতন রাজবংশী (১৫), ময়মনসিংহ জেলার সদর থানার চর বরভিলা গ্রামের মোকলেছ মিয়ার ছেলে মো. মোকসেদুর রহমান সোহাগ (১৮), বরিশাল জেলার মুলাদি থানার লক্ষ্মীপুর গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে হৃদয় হোসেন (২২), শরীয়তপুর জেলার সখীপুর থানার উকিলকান্দি গ্রামের বাবুল বেপারীর ছেলে মো. জীবন (২০), ভোলা জেলার সদর থানার কানাইনগর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. মোকাম্মেল হোসেন পারভেজ (৩০) এবং কুমিল্লা জেলার হোমনা থানার নালাদশিন গ্রামের জীবন মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২৪)।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ওই এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত যানবাহন, ব্যানার ও দলীয় পতাকাও জব্দ করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।
