×

ঢাকা

ঢাবিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় সোচ্চার জাতীয় মানবাধিকার ও নেতৃত্ব কর্মশালা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

ঢাবিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় সোচ্চার জাতীয় মানবাধিকার ও নেতৃত্ব কর্মশালা

ছবি : সংগৃহীত

তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা, নৈতিক নেতৃত্বের দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ আয়োজিত ‘দ্বিতীয় সোচ্চার জাতীয় মানবাধিকার ও নেতৃত্ব কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের কাজী মোতাহার হোসেন ভবনে দিনব্যাপী অনুষ্ঠিত এ জাতীয় কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ নেতা, মানবাধিকারকর্মী, গবেষক, আইনজীবী ও উন্নয়নকর্মীরা অংশ নেন।

উদ্বোধনী পর্বে আয়োজকেরা মানবাধিকার রক্ষায় তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে মানবাধিকার, ন্যায়বিচার, নৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক অংশগ্রহণ, সাংবিধানিক সুরক্ষা, নির্যাতনের শিকার ব্যক্তিদের তথ্য নিরাপদভাবে নথিভুক্তকরণ এবং শিক্ষার্থী নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করেন।

প্রথম অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর এবং সোচ্চার লিগ্যাল সাপোর্ট বিভাগের পরিচালক ব্যারিস্টার শাইখ মাহদি ‘আইনের আলোকে মানবাধিকার ও ন্যায়বিচার’ শীর্ষক বিষয়ে বক্তব্য দেন।

তিনি মানবাধিকার সুরক্ষায় আইন ও বিচারব্যবস্থার ভূমিকা, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার উপায় এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তরুণ মানবাধিকারকর্মীদের দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার বিষয় তুলে ধরেন।

পরবর্তী অধিবেশনে বাংলাদেশে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) আবাসিক কর্মসূচি পরিচালক জন ফ্লুহার্টি গণতান্ত্রিক অংশগ্রহণ, নাগরিক নেতৃত্ব এবং তরুণদের সক্রিয় সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

তিনি নিজ নিজ কমিউনিটিতে দায়িত্বশীল নেতৃত্ব গ্রহণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান।

বায়োটেডের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ শওগাতুল ইসলাম মানসিক স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে টর্চার ও র‍্যাগিংয়ের কারণে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ, ভয় ও উদ্বেগ সৃষ্টি হয়। এতে দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয় এবং ক্ষতিকর প্রভাব পড়ে।” তিনি মানবাধিকারভিত্তিক সংস্কৃতি গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের সিনিয়র মানবাধিকার ও সুশাসন বিশেষজ্ঞ মো. জাহিদ হোসাইন ‘মানবাধিকার রক্ষক তৈরিতে নৈতিক সাহসের ভিত্তি’ শীর্ষক অধিবেশন পরিচালনা করেন।

তিনি বলেন, “একজন কার্যকর মানবাধিকার রক্ষক হতে হলে তথ্য ও প্রমাণভিত্তিক অবস্থান গ্রহণ, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দায়িত্বশীলভাবে নথিভুক্ত করা, ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সচেতন থাকা এবং সততা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।”

তিনি আরো বলেন, সংঘাত নয়; সংলাপ, সহযোগিতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমেই সমাজে মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব।

ব্যবহারিক প্রশিক্ষণ অধিবেশনে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক দিশা সরকার ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের তথ্য নিরাপদ ও নৈতিকভাবে নথিভুক্তকরণ’ বিষয়ে প্রশিক্ষণ দেন।

এ সময় নির্যাতনের শিকার ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ, পরিচয় ও গোপনীয়তা রক্ষা, অবহিত সম্মতি গ্রহণ এবং সংবেদনশীল তথ্য নিরাপদে সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।

দুপুরের পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক এবং সোচ্চার আউটরিচ বিভাগের পরিচালক রাহনুমা সিদ্দিকা ‘শিক্ষার্থী নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ড কীভাবে ক্যারিয়ার গড়ে তোলে’ শীর্ষক বক্তব্য দেন।

তিনি শিক্ষার্থী নেতৃত্ব, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং মানবাধিকারভিত্তিক সামাজিক উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

বিকেলে সংবিধান বিশেষজ্ঞ শাহাদাত হোসাইন ‘বাংলাদেশের সংবিধানে মানবাধিকার সুরক্ষা’ বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “প্রতিটি নাগরিকের নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিত। কোথাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তার আইনসম্মত প্রতিকার চাওয়া প্রয়োজন।”

সমাপনী অধিবেশনে সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমদ ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের আগামী দিনের কৌশলগত নেতৃত্ব ও কর্মপরিকল্পনা’ বিষয়ে বক্তব্য দেন।

তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানবাধিকারভিত্তিক শিক্ষার্থী নেতৃত্ব গড়ে তোলা, সংগঠনের সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।

কর্মশালাজুড়ে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর, দলীয় অনুশীলন, মতবিনিময় ও নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেন। শেষে তাদের সনদ প্রদান করা হয়। পাশাপাশি নিজ নিজ ক্যাম্পাস ও কমিউনিটিতে মানবাধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, ‘দ্বিতীয় সোচ্চার জাতীয় মানবাধিকার ও নেতৃত্ব কর্মশালা-২০২৬’ শুধু একটি প্রশিক্ষণ কর্মশালা নয়; বরং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ মানবাধিকারকর্মীদের মধ্যে একটি শক্তিশালী জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিনেমার প্রস্তাবে ডেকে হত্যা করা হয়েছিল এ অভিনেত্রীকে

সিনেমার প্রস্তাবে ডেকে হত্যা করা হয়েছিল এ অভিনেত্রীকে

ট্যাগের রাজনীতি পরিত্যাজ্য

ট্যাগের রাজনীতি পরিত্যাজ্য

৩০ মিনিটের হাফটাইম বিতর্কে অবস্থান স্পষ্ট করল ফিফা

৩০ মিনিটের হাফটাইম বিতর্কে অবস্থান স্পষ্ট করল ফিফা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App